নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
কুড়িগ্রামে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন (মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার—এই চার টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আজ বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। গ্রীষ্মকালীন এই জাতীয় প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।” তিনি প্রতিযোগিতাটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ নাজির হোসেনের পরিচালনায় সভায় নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত।
এ সময় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় খেলার ভেন্যু নির্বাচন, শৃঙ্খলা রক্ষা এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd