ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট
অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তারকাবহুল কাস্টের কারণে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে মুক্তির আগে সালমান খানের সম্ভাব্য ক্যামিও নিয়ে যে জোর গুঞ্জন ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে সালমান খানের কোনো বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্র নেই। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটির দাবি, সালমান খান বর্তমানে একাধিক পূর্বনির্ধারিত শুটিং ও পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন। ফলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর সঙ্গে তার যুক্ত হওয়ার কোনো সুযোগ হয়নি।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, “সালমান এই মুহূর্তে নিজের বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত। ছবিতে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই।”
মূলত অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। সম্প্রতি ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের সেটে পাপারাজ্জিদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণা রহস্যময় ভঙ্গিতে ইঙ্গিত দেন যে, ছবিতে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সেই চমক হতে পারেন সালমান খান। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিতে ‘ভাইজান’-এর কোনো ক্যামিও থাকছে না।
তবে ক্যামিও না থাকলেও বিশাল তারকাবহুল এই কমেডি সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। মুক্তির অপেক্ষায় এখন ভক্তরা।
Posted ২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd