শিরোনাম >>
শিরোনাম >>

 অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন : দেবপ্রিয় ভট্টাচার্য 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

 অন্যের দুর্নীতির দায় শ্রমিকরা কেন কম মজুরি নিয়ে বহন করবেন : দেবপ্রিয় ভট্টাচার্য 
image_pdfimage_print

দুর্নীতির কারণে উদ্যোক্তারা পোশাকশ্রমিকের ন্যায্য বেতন দিতে পারছে না- এমন অভিযোগের বিষয়ে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারের দুর্নীতির কারণে উদ্যোক্তাদের যে সমস্যা তৈরি হয়, তার দায় শ্রমিকেরা কম মজুরি নিয়ে কেন বহন করবেন? শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা নৈতিক ও অর্থনৈতিক- দুই দিক থেকেই জরুরি।

তিনি বলেন, সরকার আমার ওপর দুর্নীতি করে, সে জন্য আমি শ্রমিককে ন্যায্য মজুরি দেবো না- এটা কোনো যুক্তি হতে পারে না। সরকারের দুর্নীতি দূর করার দায়িত্ব শ্রমিকের নয়। মেহনতি মানুষের কষ্টের অর্থে আমরা আমাদের দুর্নীতির ভর্তুকি দেবো, এটা এই সমাজে চলতে পারে না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেহনতি মানুষের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতকে দীর্ঘমেয়াদে একটি শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন শিল্পের বিকাশের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির ক্ষেত্রেও রপ্তানি বহুমুখীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য শুধু পোশাকশিল্প নয়, চামড়া, ওষুধসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।

সিপিডির এ সম্মাননীয় ফেলো বলেন, বর্তমান সরকার বাজেটে পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী শিল্পকেও একই ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বন্ড সুবিধা ও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মতো সুবিধা অন্যান্য খাতেও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণের জন্য শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়; বাস্তবে সব শিল্পের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো একটি শিল্পের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হলে অন্যান্য শিল্পের সক্ষমতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।

শ্রমিকদের মজুরি নির্ধারণের আলোচনায় সুশাসনের অভাব, দুর্নীতি ও উদ্যোক্তাদের সমস্যার প্রসঙ্গ তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে বর্তমানে এক ধরনের নিম্নচাপ চলছে। উদ্যোক্তারা নানা সমস্যার মধ্যে রয়েছেন, এটিও বাস্তবতা। কিন্তু সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা কিংবা সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, ছোট, মাঝারি ও বড় কারখানার সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে। কোনো কোনো কারখানার পক্ষে বেশি মজুরি দেওয়া কঠিন হতে পারে। কিন্তু সেই সমস্যার সমাধান শ্রমিকের ন্যায্য মজুরি আটকে রাখা নয়। সরকারের দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার দায় শ্রমিক কেন বহন করবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, যারা সুশাসনের অভাবের কথা বলছেন, তাদেরও রাজনৈতিক ও সামাজিক দায় রয়েছে। তারা রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা করেন, নির্বাচনে অর্থায়ন করেন। তাহলে তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত অর্থনীতি আদায় করতে পারবেন না কেন? সরকার ও রাজনৈতিক নেতৃত্বের কাছে জবাবদিহি চাওয়ার দায়িত্ব সবার।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি ও শ্রমসম্পর্কিত বিষয়গুলো ক্রমে আইনশৃঙ্খলার বিষয়ে পরিণত হচ্ছে। পরে তা রাজনৈতিক বিষয়েও রূপ নিচ্ছে। অথচ বিষয়গুলো যথাযথ মোকাবিলা করা হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

তার মতে, অর্থনীতির বর্তমান নিম্নচাপ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না। অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট বাস্তবায়ন, বিনিয়োগ ও বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করা হলে উদ্যোক্তা, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হতো।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারের নিয়মিত সংসদীয় বিবৃতি দেওয়ার বিধান ও প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু বাজেট পেরিয়ে কয়েক মাস চলে গেলেও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত বিবৃতি পাওয়া যায়নি। গত অর্থবছরের তথ্য-উপাত্ত প্রকাশেও ঘাটতি রয়েছে। ফলে অর্থনীতির প্রকৃত অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া কঠিন হচ্ছে।

তিনি বলেন, অর্থমন্ত্রী নিয়মিত বাজেট বাস্তবায়ন, অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে সংসদে তথ্যভিত্তিক বিবৃতি দিলে বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলা করা সহজ হতো। এতে সরকারের সংস্কার কর্মসূচি, বিশেষ করে দুর্নীতি নিয়ন্ত্রণের উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতিও মূল্যায়ন করা যেত।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতারাও বাংলাদেশের দুর্বল অবকাঠামো ও দুর্নীতিগ্রস্ত রাজস্ব ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে থাকেন। দেশের অভ্যন্তরীণ দুর্বলতার দায় আন্তর্জাতিক ক্রেতারা কেন বহন করবেন, সেই প্রশ্নও রয়েছে। এ জন্য দেশের নিজস্ব সংস্কার ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

শ্রমিকদের মজুরি ও শ্রমসম্পর্কিত পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিষয়টি মূলত শ্রম মন্ত্রণালয়ের দেখভাল করার কথা থাকলেও সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর দিতে দেখা গেছে।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের মজুরি ও শ্রম পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর আলোচনা তার চোখে পড়েনি। শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো বিষয়টি যথাযথভাবে আলোচনায় নিয়েছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

দেবপ্রিয় বলেন, সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত, এমন ধারণা পাওয়া গেলেও কার্যকর উদ্যোগ ও তৎপরতার অভাব রয়েছে। সরকারের মধ্যে বিষয়টি নিয়ে উপলব্ধি থাকলেও প্রয়োজনীয় উদ্যম ও উৎসাহ দেখা যাচ্ছে না। তার ভাষায়, এটাই বর্তমান অর্থনৈতিক নিম্নচাপের একটি বড় দিক।

সংসদে শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা বিলম্বিত হওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি। সরকারি কর্মচারীদের জন্য বেতনকাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকদের মজুরি নির্ধারণে সময়মতো উদ্যোগ না নেওয়াকে রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেন।

তার ভাষ্যে, শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ, ট্রেড ইউনিয়নের কার্যক্রম এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ করে সামগ্রিক শ্রমবাজারের সমস্যার সমাধান হবে না।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্রমিকদের মজুরি ও শ্রমসম্পর্কিত বিষয় কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে দেওয়া উচিত নয়। একইভাবে এটিকে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির উপাদানেও পরিণত করা উচিত নয়।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি বড় ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা থাকা প্রয়োজন। সেই ব্যাখ্যার মাধ্যমে সমস্যার প্রকৃত চিত্র উঠে আসবে এবং নাগরিকদের আশা-ভরসার জায়গা তৈরি হবে। কিন্তু বর্তমানে শ্রমিকদের মজুরি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন একটি দায়িত্বশীল নাগরিক ও রাজনৈতিক ভাষ্যের ঘাটতি তিনি অনুভব করছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গপ্রত্যঙ্গের সমন্বিতভাবে কাজ করার কথা। দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলা করা এবং ভবিষ্যৎ সম্পর্কে নাগরিকদের আস্থা তৈরি করা তাদের দায়িত্ব। কিন্তু এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আট-নয় মাস পার হলেও যেসব বিষয়ে সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার কথা ছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি তিনি দেখতে পাচ্ছেন না।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারিত হবে, শিল্পও চলবে— এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অতীতে যে অপশাসন ও দুঃশাসনের কারণে নানা সমস্যা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকানোর কার্যকর পথও তৈরি করতে হবে। শুধু মজুরি নির্ধারণ নয়, সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করাও সমান জরুরি।

বেশি মজুর দিলে কারখানা বন্ধ হয় মালিকদের এমন অভিযোগ রয়েছে। আদৌ কোন কারখানা বন্ধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন একটি কারখানা মজুরি দিয়ে তার লেভেল কত, সেটা দিয়ে চলে না। ম্যানেজমেন্ট, অর্ডার পাওয়া, মার্চেন্ডাইজিং অনেক বিষয় জড়িত থাকে। সুতরাং মজুরির কারণে বন্ধ হয়েছে, এটা বলা মুশকিল। এটা এই না যে নতুন মজুরির স্কেল দিল পরের দিন দশটা ফ্যাক্টরি বলল যে এটার কারণেই বন্ধ করছি, সেটা হয়তো না। ছোট মধ্যম ও বড়দের মধ্যে সক্ষমতার পার্থক্য রয়েছে। সেখানে সরকারের এবং ব্র্যান্ড বায়ারদের একটি দায়িত্ব রয়েছে। এর আগে যখন আট হাজার থেকে ১২ হাজার টাকা হল তখন ব্র‍্যান্ড ও বায়াররা এটা এবজর্ব করেছেন। অনেক ফ্যাক্টরি তখন বলেছিল আমরা টিকতে পারবো না। তখন ব্র্যান্ড বাড়াও কিছুটা এবজর্ব করেছে।

তিনি বলেন, এবারও আমার মনে হয় একটা প্রেসার থাকা উচিত। যারা কমপ্লায়েন্সের বিষয়ে কথা বলেন কিন্তু সোর্সিংয়ের সময় তারা এ বিষয়গুলো চিন্তা করেন না। সুতরাং এটাও তাদেরকে একটা চাপের মধ্যে রাখা উচিত। সরকার পোশাক মালিকদের বিভিন্নভাবে সহায়তা করছে, শ্রমিকদের কেউ যদি সহায়তা করে সরকার তাহলে উদ্যোক্তাদের উপর চাপ কমবে। সরকারি নানা হয়রানির কারণে ১২ শতাংশের মতো উদ্যোক্তাদের ব্যয় বাড়ে। মজুরি উদ্যোক্তার পুরো খরচের একটি অংশ। সামগ্রিক ব্যবস্থাপনা ঠিক করতে পারলে উদ্যোক্তাদেরও দেওয়ার সক্ষমতা বাড়াবে।

ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd