নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০২৩ এর প্রস্তাবিত সংশোধনী ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে প্রস্তাবিত বিধিমালার সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সদস্যরা। তাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই বিধিমালার সংশোধন স্থগিত রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৫ নভেম্বর) স্টক ব্রোকারদের সংগঠন ডিবিএ’র সদস্যদের অংশগ্রহণে বিধিমালার ওপর আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা জানান। এতে প্রায় ২০৯ স্টক ব্রোকার প্রতিনিধি উপস্থিত থেকে প্রস্তাবিত বিধিমালার ওপর বক্তব্য ও মতামত দেন।
ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিধিমালায় অন্তর্ভুক্ত খুঁটিনাটি বিষয়ের ওপর উপস্থাপনা প্রদান করেন ডিবিএর ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন।
এছাড়া বক্তাদের মধ্যে সবাই বিএসইসির প্রস্তাবিত বিধিমালায় অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের ওপর তাদের উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আরও আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনের কথা উল্লেখ করেন তারা। পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাসহ আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচ্য বিধিমালা প্রণয়নের কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করতে বিএসইসির প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে এই বিধিমালা প্রণয়ন পুঁজিবাজারসহ দেশের সার্বিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই এর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত বক্তারা ডিবিএর প্রতি আহ্বান জানিয়ে এ বিষয়ে ডিবিএর প্রতি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, আলী সিকিউরিটিজ অ্যান্ড কোং-এর চেয়ারম্যান আলী আকবর, বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার ইকরাম, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসই ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, শান্তা ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান, বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, প্রুডেন্সিয়াল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক ববি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd