সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টি ও জোয়ারে রিয়াজউদ্দিন বাজারে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

ভারী বৃষ্টি ও জোয়ারে রিয়াজউদ্দিন বাজারে কোটি টাকার ক্ষয়ক্ষতি
image_pdfimage_print

এক রাতের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের বিভিন্ন দোকান ও গুদামে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক রাতের পানিতে বাজারে কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে চট্টগ্রামে শুরু হওয়া ভারী বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়। একই সময়ে জোয়ারের পানি থাকায় অনেক জায়গায় পানি দ্রুত নামতে পারেনি। ফলে দোকান ও গুদামে পানি ঢুকে পড়ে।

ব্যবসায়ী কবির আহমেদ জানান, রাতের দিকে বৃষ্টির পানি বাড়তে শুরু করলে অনেকেই দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পানি দ্রুত বাড়ায় অনেক দোকানের নিচতলায় থাকা পণ্য সরানো সম্ভব হয়নি। বিশেষ করে কাপড়, জুতা, ব্যাগ, প্রসাধনী, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য পানিতে ভিজে নষ্ট হয়েছে।

আব্দুর গফুর নামের আরেক ব্যবসায়ী বলেন, বৃষ্টির পানি দোকানের ভেতরে ঢুকে পড়ায় নিচে রাখা অনেক পণ্য সরানো সম্ভব হয়নি। প্রতিবছরই জলাবদ্ধতার কারণে আমাদের ক্ষতির মুখে পড়তে হয়। এবারও বড় ধরনের লোকসান হয়েছে।

হাজারো পণ্যের গুরুত্বপূর্ণ পাইকারি এই বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতিবার ভারী বৃষ্টি হলেই রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীদের পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি দোকান খোলাও কঠিন হয়ে পড়ে। এবারও রাতভর বৃষ্টির পর সকালে বাজারের বিভিন্ন অংশে পানি জমে থাকায় অনেক ব্যবসায়ী সময়মতো দোকান খুলতে পারেননি।

ব্যবসায়ীদের দাবি, বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও কার্যকর করা না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি বন্ধ হবে না। ভারী বৃষ্টির সময় দ্রুত পানি সরানোর জন্য বাজারকেন্দ্রিক বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করার দাবি জানান তারা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টিতে রিয়াজউদ্দিন বাজার ছাড়াও আগ্রাবাদ, সিডিএ, মুরাদপুর, কাতালগঞ্জ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd