নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ায় একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখতে তিনি ক্যাম্পগুলো পরিদর্শন করেন। তার সফর ঘিরে ক্যাম্পের ভেতরে ও বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়।
সূত্র জানায়, উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডাচেস সোফি। এ সময় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
মঙ্গলবার সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
এ ছাড়া ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, বিদেশি অতিথির সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তা জোরদার করেন এপিবিএন সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস সোফির সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
দিনভর পরিদর্শন শেষে বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি। তার সফর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডাচেস সোফি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
Posted ৬:০৬ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd