নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি আদেশ দেখুন
আজ সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা আমি এখনো দাপ্তরিকভাবে যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।”
তিনি আরও জানান, এই আবেদনের আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং একজন দণ্ডিত ও পলাতক আসামির এভাবে আবেদন করার আইনি অধিকার আছে কি না—ইত্যাদি খুঁটিনাটি আইন-কানুন পর্যালোচনা করা হচ্ছে। সব দিক দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “Prima facie case (আপাতদৃষ্টে) হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমাদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পত্র পাঠিয়েছি।”
এদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পতিত শক্তি দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু দূরপাল্লার বাসে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাচ্ছে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করছে।”
Posted ৪:৫৩ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd