নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মানের পাশাপাশি রোগীদের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতেও সরকার কাজ করছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে। দেশের চিকিৎসকরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ প্রশংসনীয়। আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি। তাদের জন্য কাজ করতে চাই। কারণ চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২২ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd