নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশে জেলা পুশিল সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগে যে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, তা স্বচ্ছ ছিল না। লটারির প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণও করা হয়নি।
তিনি বলেন, পুলিশের এসপি ও ওসিদের নিয়োগ আর লটারির মাধ্যমে হবে না। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই পদায়ন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যাশিত সেবা দিতে পারেন না। বড় জেলা ও ছোট জেলার কাজের ধরন আলাদা- সেখানে অভিজ্ঞতা, দক্ষতা ও উপযুক্ততা বিবেচনা করা জরুরি। কিন্তু তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এমনকি লটারির প্রক্রিয়াটিও স্বচ্ছ ছিল না বলে মনে করি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি নিয়োগ এভাবে হওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিভাগ যাদের দক্ষ ও উপযুক্ত মনে করবে, তাদেরই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পদায়ন করা হবে, এমন নির্দেশনা বৈঠকে দেওয়া হয়েছে।
গত নভেম্বরের শেষ দিকে অন্তর্বর্তী সরকার পুলিশের এসপি-ওসিদের নিয়োগ-পদায়ন লটারিতে করতে শুরু করে। সর্বপ্রথম গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এরপর ডিসেম্বরের শুরুতেই লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd