নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
সাধারণ মানুষকে যেকোনো সরকারি সেবা পাওয়ার জন্য আর যেন দ্বারে দ্বারে বা দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশ ও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন । তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্যই হলো নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত রাখা।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মঅধিবেশনের একটি সেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাষ্ট্রের উচিত নাগরিকের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করে দ্রুত সাড়া দেওয়া এবং স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণের পর বাংলাদেশ ইতোমধ্যে এর প্রথম ১০ বছর পার করেছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে সরকার নতুন কৌশল প্রণয়নের চেষ্টা করছে এবং আইএলও, ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে এসব অভিজ্ঞতা ও উদ্যোগ নিয়ে কাজ করছে।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কেবল রাষ্ট্রের পক্ষ থেকে দয়া বা করুণা বিতরণের বিষয় নয়। এর লক্ষ্য হওয়া উচিত মানুষের মানবিক মর্যাদা, টিকে থাকার সক্ষমতা, উৎপাদনশীলতা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd