শিরোনাম >>
শিরোনাম >>

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী
image_pdfimage_print

বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এ জন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি। স্মরণ রাখতে হবে, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তিই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।

আইনমন্ত্রী বলেন, সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না। বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগের যে-কোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। একইসঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd