নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেহেতু দু-একজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এ সময়ে ডেঙ্গু হয়, সেজন্য আমরা কালক্ষেপন করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।
সভায় মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোয় ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল প্রস্তুত আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরো ফিল্ড হাসপাতাল করা হবে।
মন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল (মঙ্গলবার) থেকেই কাজ শুরু হচ্ছে। সারা দেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোয় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।
মন্ত্রী আরো বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে দুমাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd