নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকাজের সময় নির্গত গ্যাসের আকস্মিক বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৭ সদস্য দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে সঙ্গে আগুন বের হচ্ছিল। পরে বাপেক্সের কারিগরি দল আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপ কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় হঠাৎ গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে ঘটনাস্থলে কর্মরত বাপেক্সের ৭ সদস্য দগ্ধ ও আহত হন।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর সেখানে জরিপ (সার্ভে) কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে টানা এক মাসের চেষ্টায় ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপ কাজ শুরু করা হয়।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ভূগর্ভে ওই স্থানে প্রায় ৫০০ পিএসআই চাপে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকতে পারে।
Posted ৫:২৬ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd