নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে আবাসন খাতের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৭৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেন তালিকার তিনে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ৮২ লাখ ৪৫ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ কোম্পানিটির সর্বশেষ পাঁচ হিসাব বছরের মধ্যে সর্বোচ্চ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। গত বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭৪ টাকা ৭১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সায়। এর আগে ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০৪ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ১১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | munny akter
Lk Cyber It Bd