শিরোনাম >>
শিরোনাম >>

বিনিয়োগের নতুন দুয়ার খুলছে সিএসই, আসছে কমোডিটি ডেরিভেটিভস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

বিনিয়োগের নতুন দুয়ার খুলছে সিএসই, আসছে কমোডিটি ডেরিভেটিভস
image_pdfimage_print

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর দ্বারপ্রান্তে রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর লক্ষ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে মার্কেট ইকোসিস্টেম তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান।

রোববার (১ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মাহাদি হাসান বলেন, নতুন এই বাজারের প্রধান নিয়ামক বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগকারীদের শিক্ষিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পুঁজিবাজারের বিনিয়োগকারী ও কর্ণধার হবেন। এ জন্য শিক্ষাজীবন থেকেই ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রচলিত ধারণার পরিবর্তন প্রয়োজন। শুধু সিকিউরিটিজে বিনিয়োগের চিন্তা থেকে বেরিয়ে এসে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যে বিনিয়োগের পরিকল্পনা করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে বহুমুখীকরণ বা ডাইভারসিফিকেশন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সিএসইর ডিজিএম ও সার্ভিল্যান্স বিভাগের প্রধান আরিফ আহমেদ বলেন, শিক্ষাজীবন যে বিষয়েই হোক না কেন, বর্তমান ডিজিটাল যুগে নিজেকে যোগ্য করে তুলতে সাম্প্রতিক বিষয়গুলোর ওপর কারিগরি জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে পরিশীলিত করতে হবে।

আইআইইউসির অধ্যাপক নাজনীন জাহান চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বিনিয়োগ, পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি। বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন বিনিয়োগ পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পুঁজিবাজার কীভাবে পরিচালিত হয়, তা বোঝার পাশাপাশি তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।

সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক বলেন, ভবিষ্যতে যারা বিনিয়োগকারী হতে চান, তাদের আলোচিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্ত নিতে ব্যবহারিক জ্ঞানকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত বিভিন্ন বিনিয়োগ পণ্য, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ঝুঁকি, সম্ভাব্য মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়।

সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ অধিবেশনটি পরিচালনা করেন এবং পুঁজিবাজারের সামগ্রিক কার্যক্রম ও ব্যবহারিক পরিচালনা বিষয়ে উপস্থাপনা দেন। অনুষ্ঠানে সিএসইর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আরিফ আহমেদ ও মোহাম্মদ মাহাদি হাসান। আইআইইউসির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজনীন জাহান চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক এবং সহকারী অধ্যাপক ড. নাজিম উল্লাহ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd