নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউআইইউর ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করেছে। কুইজ, কেস সলভিং এবং পলিসি মেকিংয়ের মতো কঠিন ধাপ পেরিয়ে যারা চূড়ান্ত পর্বে পৌঁছেছে, তাদের প্রশংসা করেন তিনি।
বর্তমান বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।
তিনি বলেন, জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না।
তিনি বলেন, অর্থনীতি শুধু পরীক্ষায় পাস করার বিষয় নয়। অর্থনীতিকে গভীরভাবে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. এম. এ. শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
Posted ৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd