নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ‘মাইনসদৃশ’ বস্তু ও পাঁচটি খালি বাক্স উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় ল্যান্ডমাইন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে এসব বস্তু পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে গাংনী থানা পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমিতে কৃষিকাজের সময় মাটির নিচে কয়েকটি ধাতব বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দা কাঁদো মালিথা। পরে মাটি খুঁড়ে ১০টি ‘মাইনসদৃশ’ বস্তু ও পাঁচটি খালি বাক্স পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো সক্রিয় ল্যান্ডমাইন কি না, তা এখনো নিশ্চিত নয়। এগুলো পুরনো বা নিষ্ক্রিয় বিস্ফোরকও হতে পারে। এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তুগুলো পরীক্ষা করার জন্য সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পরই এগুলো ল্যান্ডমাইন কি না এবং সক্রিয় কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম টকি দাবি করেন, বেতবাড়িয়া গ্রামের পাশেই ভারতীয় সীমান্ত রয়েছে। ১৯৭১ সালে ওই এলাকায় পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তার ধারণা, পাকিস্তানি সেনারা পালিয়ে যাওয়ার সময় এসব বস্তু মাটিতে পুঁতে রেখে যেতে পারে।
তিনি আরও দাবি করেন, উদ্ধার হওয়া একটি বস্তুর গায়ে ‘পাকিস্তান’ লেখা রয়েছে। সেখানে ‘এমপিআই ১৯৬৭ মাইন এ/পার্স এনডি পি২ এমকে২’ লেখা দেখা গেছে বলেও তিনি জানান।
তবে উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃতি, উৎস এবং সেগুলো সক্রিয় কি না—এসব বিষয়ে বিশেষজ্ঞদের পরীক্ষার পরই নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
Posted ৮:১১ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd