নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর প্রবাহ সচল রাখাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসা করেন তিনি।
মেয়র আরও বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি ভবিষ্যতে খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।
পরিদর্শন শেষে মেয়র খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং চলমান উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, খাল পুনরুদ্ধার ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd