নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের আজ তৃতীয় অনুষ্ঠান। আমরা এই ধারা অব্যাহত রাখব। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। পুলিশ এবং অন্যান্য বাহিনীর কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। ইতোমধ্যে পুলিশের মধ্যে আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছি।
তিনি বলেন, মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে। অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছে।
এ বছর পুলিশ পদক দেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল। আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনও আমার কাছে পেন্ডিং রয়েছে। আজ বিষয়টি জেনেছি। খুব দ্রুতই এটি শেষ করব।
সম্প্রতি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথ উভয় অনুষ্ঠানই অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। ইলেকট্রনিক ডিভাইসটি ঘটনাক্রমে সেদিন পাওয়া যায়। প্রথমে দুজন আনসার সদস্য এটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে। এটি কাকতালীয়ভাবে সেদিনই পাওয়া গেছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
Posted ৩:১১ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd