নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট
রংপুর, গত ২১ জুন ২০২৬ পবিত্র আশুরা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এক প্রস্তুতি সভার আয়োজন করেছে।
রোববার দুপুরে আরপিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা। সভায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি তাজিয়া মিছিল সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মিছিল চলাকালে কোনো ধরনের দেশীয় অস্ত্র, লাঠি-সোটা বহন, পটকা বা আতশবাজি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করা হবে।
সভায় বিভিন্ন এলাকার প্রতিনিধিরা নিজ নিজ কর্মসূচির সময়সূচি ও রুট সম্পর্কে অবহিত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে তাজিয়া মিছিল আয়োজনের আশ্বাস দেন। পুলিশ জানায়, নির্ধারিত নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান বলেন, সমন্বয়ের অভাব বা নিয়মের ব্যত্যয় ঘটলে রুট পারমিট দেওয়া হবে না এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মিছিল শুরু ও শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বক্তারা পবিত্র আশুরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পালনের আহ্বান জানান। আরপিএমপি জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সকল ইউনিট সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
Posted ৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd