নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৩ জুন ২০২৬ বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিচালিত এক অভিযানে দুটি অবৈধ ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কেওঢালা এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে খান ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ৭০ হাজার টাকা এবং মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর আরও জানায়, অবৈধ ইটভাটার ধোঁয়া ও নির্গমন বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ ইটভাটা বা পরিবেশদূষণকারী কোনো শিল্পপ্রতিষ্ঠানকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd