নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট
প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রস্তাবিত এ কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা সুবিধা, ব্যাংকিং সেবা এবং জরুরি সহায়তা সহজে নিতে পারবেন প্রবাসীরা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। বিকল্প শ্রমবাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতর শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
তিনি বলেন, রেমিট্যান্সের এ শক্তিশালী প্রবাহ গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সরকার আশা করছে, ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
প্রবাস আয় আরও বাড়াতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীদের উৎসাহিত করতে এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে আনতে এ সহায়তা অব্যাহত রাখবে সরকার।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd