নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | প্রিন্ট
প্রতি বছরের মতো এবারও রমজানের শুরু থেকে বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। মার্চ মাসের প্রথম ২২ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
সোমবার (২৪ মার্চ) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
মার্চের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার (১৪১৪ দশমিক ৪৫ মিলিয়ন)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
এ বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার। ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে ১ বছরে আসা সর্বোচ্চ পরিমাণের রেমিট্যান্স।
Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd