নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকেরা লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনার পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হিসাবগুলো কত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এর পর থেকে এসব হিসাবের মাধ্যমে টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না অনেকে। এতে ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম।
রবিবার সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে গ্রাহকদের ফিরে যেতে দেখা গেছে। লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন তারা। হঠাৎ করে হিসাব বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক।
Posted ৩:৪০ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd