বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনার ভরি ছাড়ালো এক লাখ ১২ হাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

সোনার ভরি ছাড়ালো এক লাখ ১২ হাজারে
image_pdfimage_print

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হবে। দেশের বাজারে সোনার দাম আগে কখনো এতোটা বাড়েনি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম আরও দুই দফা বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর দাম কিছুটা কমানো হয়েছিল। অবশ্য তার আগে গত ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর গত মাসের শুরুর দিকে কিছুটা কমানো হয়।

কিন্তু ২০২৩ সালের শেষ দিকে দুই দফা এবং নতুন বছরের প্রথম মাসেই এখন আরেক দফা সোনার দাম বাড়ানো হলো। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনা। এর আগে গত ২৪ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এতদিন দেশের বাজারে এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল বৃহস্পতিবার থেকে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে সোনা বিক্রি হবে।

বুধবার (১৭ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২১ হাজার ৫৬২ টাকা গুনতে হবে।

এর আগে গত ২৪ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে এক লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৯২ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়। ১৭ জানুয়ারি পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

তবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd