শিরোনাম >>
শিরোনাম >>

সেন্টমার্টিন-সোনাদিয়ায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

সেন্টমার্টিন-সোনাদিয়ায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
image_pdfimage_print

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটন মাস্টারপ্ল্যান জমা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলোতে সমন্বিত পর্যটন উন্নয়ন করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। দ্বীপ দুটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পর্যটন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারাও এ কাজে যুক্ত রয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে মাস্টারপ্ল্যানটি জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় আগের বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত নির্মাণ নিষিদ্ধ করে গণপূর্ত মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন রয়েছে, তা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত নির্মাণসংক্রান্ত বিধিনিষেধও বাতিল করা হবে। কারণ, মাস্টারপ্ল্যানের মাধ্যমে সবকিছু সমন্বিতভাবে নির্ধারণ করা হবে। মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সেটি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারের পাশাপাশি চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলে পরিবেশ সংরক্ষণ করে কীভাবে পর্যটন বিকাশ করা যায়, তা পরিকল্পনায় রাখা হচ্ছে।

সেন্টমার্টিন ও সোনাদিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে কোনো ধরনের নতুন স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। দ্বীপ দুটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। পরিবেশের ক্ষতি না করে সেখানে পার্ক বা ইকো-ট্যুরিজমের সুযোগ রাখা যায় কি না, তা বিবেচনা করা হবে।

আগে থেকে থাকা স্থাপনা ভেঙে ফেলা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়নের পর বিষয়টি নির্ধারণ করা হবে। বিদ্যমান স্থাপনা ভেঙে ফেলা যুক্তিসংগত হবে না। সেগুলোর বিষয়ে কী ধরনের নির্দেশনা দেওয়া যায়, তা পর্যালোচনা করা হবে।

মহেশখালীর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার হাব, বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল ঘিরে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তাই মিডার সঙ্গে সমন্বয় করে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে, যাতে উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের সমন্বয়হীনতা বা ওভারল্যাপিং না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন খাতকে আরও বিকশিত করতে হবে। পরিবেশ অক্ষুণ্ন রেখে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি পর্যটক আনার লক্ষ্য নিয়ে সমন্বিত পরিকল্পনা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০১ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd