নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা এফসিএল (পূর্ণ কনটেইনার বোঝাই) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এতে বাড়তি স্টোররেন্টের চাপ থেকে সাময়িক স্বস্তি পাচ্ছেন আমদানিকারকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ডের ৯ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে খালি কনটেইনার এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।
একই সঙ্গে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ঢাকা পোস্টকে বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী ঢাকা পোস্টকে বলেন, চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ানোয় আমদানিকারকেরা বাড়তি সুবিধা পাবেন। এতে পণ্য খালাসের ব্যয় কমবে। আমদানিকারকদের খরচ কমলে পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে, যার সুফল শেষ পর্যন্ত ভোক্তারাও পাবেন।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের বিষয়টি ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক। তবে এটি স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার বলে মনে করি। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বিষয়টি স্থায়ীভাবে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে বিবেচনা করার অনুরোধ জানাব।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার টিইইউ। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৭৯ টিইইউ। আগের অর্থবছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউ। সে হিসাবে কনটেইনার হ্যান্ডলিং কমেছে প্রায় ৬ শতাংশ।
Posted ৬:১৪ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd