শিরোনাম >>
শিরোনাম >>

ডেঙ্গু প্রতিরোধে অভিযান, থানার পুকুর পরিষ্কার ডিসি-এসপির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ডেঙ্গু প্রতিরোধে অভিযান, থানার পুকুর পরিষ্কার ডিসি-এসপির
image_pdfimage_print

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে আনোয়ারা থানার ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি পুকুর পরিষ্কার করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ছাড়া, জনসচেতনতামূলক র‍্যালি এবং উপজেলার বিভিন্ন সড়কে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ও আনোয়ারা থানা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগান এবং ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদর সড়ক প্রদক্ষিণ করে আনোয়ারা থানায় গিয়ে শেষ হয়। পরে থানার ভেতরে পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারে অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

কর্মসূচিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। ডেঙ্গুর বিস্তার রোধে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য বাড়িঘর, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ময়লা-আবর্জনাও নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে রাস্তায় ফেললে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুতে যারা মারা গেছেন, তারা আমাদেরই ভাই বা নিকটাত্মীয়। এভাবে আর কারও প্রাণ যাক, তা তারা চান না।

এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, থানার ভেতরে এ ধরনের পরিচ্ছন্নতা উদ্যোগ প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা থেকে শুরু করে নালা-নর্দমা পর্যন্ত সব জায়গা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে ডেঙ্গুর জীবাণুবাহী মশা বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, থানার পুকুরটি সবাই মিলে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। থানার আশপাশের জঙ্গলও পরিষ্কার করা হবে। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার মধ্য দিয়ে অন্যদেরও সচেতন করতে হবে। জেলা প্রশাসনের এ উদ্যোগের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd