নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।
ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু দুই অঞ্চলের বর্তমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনান এফএওর মহাপরিচালক ইয়াং শাওছেং নবনিযুক্ত কনসাল জেনারেলকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান। তিনি বলেন, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছর এ বাণিজ্যে আরও ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি নির্ধারিত কনস্যুলার অধিক্ষেত্রে স্থানান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরো জোরদার এবং বাংলাদেশ ও ইউনান প্রদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।
উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Posted ৫:১৮ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd