নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট
পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, পোড়া তেল, তেলাপোকার উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২২ আগস্ট) নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
জানা গেছে, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট, নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার অভিযোগও রয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার বিষয়টি শনাক্ত হয়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ভোক্তার নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
Posted ৩:১২ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd