নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
বগুড়া, ১৯ আগস্ট ২০২৬: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়ার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম, পেশ ইমাম, খতিব ও আলেম-উলামারা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ২টায় জেলা প্রশাসন বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে “সামাজিক সমস্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাঃ জিললুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম, পেশ ইমাম, খতিব ও আলেম-উলামারা।
সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি এবং বাল্যবিবাহকে সামাজিক অগ্রগতির অন্যতম বাধা হিসেবে উল্লেখ করে এসব সমস্যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ বন্ধে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে সরকারের ঘোষিত নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উপপরিচালক সংশ্লিষ্ট বিষয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন।
আয়োজক জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd