নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট
ঢাকা, ৮ আগস্ট ২০২৬: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় কোনো একক গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিষয় হতে পারে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উসকানিতে পা না দিয়ে গণতান্ত্রিক চর্চা, সহনশীলতা ও রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের জুলুম-নির্যাতন, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটে।
রাষ্ট্রকাঠামোর সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান আনার উদ্যোগ রয়েছে। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করার কথা জানান তিনি।
শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া উচিত নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভ্রান্ত বা উসকে দেওয়ার চেষ্টা হতে পারে উল্লেখ করে ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। ভারতের মাটিতে অবস্থানরত দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—এই দুই অবস্থানকে তিনি পরস্পরবিরোধী বলে মন্তব্য করেন। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান পুনর্বিবেচনার প্রত্যাশা জানান তিনি।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মা নাজমা খাতুন লিপি।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd