নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর কর্তন জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এ কার্যক্রম বাস্তবায়নের সময় উদ্যোক্তাদের অযথা হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর মনিটরিং কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে রাজস্ব আহরণ বৃদ্ধি ও করজাল সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন বাস্তবায়নের ক্ষেত্রে এরই মধ্যে কর-অনুগত (কমপ্লায়েন্ট) ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেন অযথা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান এখনো পূর্ণাঙ্গভাবে কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং করজাল সম্প্রসারণে রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অপ্রয়োজনীয় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
ঢাকা চেম্বার বিশ্বাস করে, রাজস্ব আহরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ-এই দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা সম্ভব, তবে এ ক্ষেত্রে এনবিআরের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি সব শ্রেণির ব্যবসায়ীদের কিভাবে কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলাবদ্ধ করা যায়, সে বিষয়ে সরকার-বেসরকারিখাতের একযোগে কাজের বিকল্প নেই।
Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd