নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের কারখানাটি ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত হবে। এখানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রফতানি হবে বলে জানানো হয়েছে
উত্তরা ইপিজেডে পোশাক কারখানা স্থাপনের লক্ষে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে হংকংভিত্তিক তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন বা ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এর মাধ্যমে ৩ হাজার ২৫৪টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আজ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের কারখানাটি ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত হবে। এখানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রফতানি হবে বলে জানানো হয়েছে।
এ কারখানায় বছরে ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস যথা বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব প্রকার জার্সি উৎপাদন হবে।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি উল্লেখ করেন, আগের তুলনায় আরো দক্ষ, আধুনিক ও বিনিয়োগকারী-সহায়ক সেবা প্রদানে বেপজা দৃঢ় প্রতিজ্ঞ। রফতানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্পখাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd