নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ উঠেছে। সার্ভার ব্যবহার করে অন্য গ্রাহকদের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি বুঝতে পেরে বাংলাদেশ ব্যাংক এ জালিয়াতি আটকে দেয়। এছাড়া এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে আজ (বুধবার) মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে গত পরশুদিন একটি জিডি হয়েছে আমাদের থানায়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গত বৃহস্পতিবার ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। তার ব্যাংক হিসাবটি আছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। চার দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা একই দিনে ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়।
একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা তা আটকে দেয়।
আরও জানা যায়, গত আগস্ট পর্যন্ত ব্যাংকসহ অনুমোদিত প্রতিষ্ঠানে গ্রাহকদের তিন লাখ ৪০ হাজার ৭১ কোটি টাকার সঞ্চয়পত্র আছে। বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস মিলে প্রায় ১২ হাজার শাখা থেকে এসব সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো হয়। এর মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়েছে। অন্য কোথাও থেকে একই ঘটনা ঘটেছে কিনা, তা এখনও জানা যায়নি। সঞ্চয়পত্রের এই লেনদেন নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয়ের সার্ভার ব্যবহার করে। চিহ্নিত প্রতারণার ঘটনা তিনটি এই সার্ভার হ্যাক করে করা হয়েছে কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।
Posted ৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd