শিরোনাম >>
শিরোনাম >>

কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের
image_pdfimage_print

কসোভোর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ তৈরির লক্ষ্যে সরকারিভাবে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনামন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপির বৈঠকে এসব বিষয় উঠে আসে।

কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের জলবায়ুসংশ্লিষ্ট চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। কসোভোর মন্ত্রী বন্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বায়ুর গুণগত মান নিয়ন্ত্রণে তাদের দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ মনে করে, বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

এছাড়া রিসাইক্লিং, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কসোভোতে যেসব খাতে দক্ষ পেশাজীবীর ঘাটতি রয়েছে সেসব ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কসোভোর মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য গ্রহণ করেন।

বৈঠকে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। এসময় তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।

সাক্ষাৎকালে কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল উপাদান পাটের বিভিন্ন ব্যবহার ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন কসোভোর মন্ত্রী।

এসময় কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্যও তাকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd