নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিবন্ধন করতে সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে শামসুন নাহার নামের ওই নারী ছিনতাইয়ের শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। ওই অটোরিকশায় ছিলেন কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুন নাহার। তার ব্যাগে জমি কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে ছিনতাইয়ের শিকার শামসুন নাহার জানান, সাবরেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথ রোধ করে। পাশেই আরেকটি মোটরসাইকেল থেকে দুজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। চালক বাধা দিলে একজন কোমর থেকে পিস্তল বের করেন। এরপর আরেকটি মোটরসাইকেল থেকে আরও দুজন এসে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শামসুন নাহার বলেন, ‘আমি তাদের বলছিলাম, আমাকে মেরে ফেল, তবুও আমার টাকা নিস না। কিন্তু আমার টাকাগুলো নিয়ে গেছে তারা।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ছেলের অনেক কষ্টের জমানো টাকা। তার টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করব, জানি না।’
এদিকে প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় রাউজানজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটির নিন্দা জানিয়ে খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাউজানের মতো নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আর কোনো উপজেলায় নেই। এত হত্যাকাণ্ড কোথাও হয়নি। তিনি অবিলম্বে প্রশাসনের কাছে রাউজানের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর কদলপুরের ব্যবসায়ী এনাম হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। মদুনাঘাট সেতুর সামনে জিয়াবাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছিল। এনাম হোসেন চৌধুরীর অভিযোগ- ইয়াবা ব্যবসায়ী বরকত আলী তার কাছে চাঁদা দাবি করেছিলেন। ঘটনার দিন দুপুরে গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার পথে মদুনাঘাট সেতু এলাকায় পৌঁছালে বরকত ও মামুনের নেতৃত্বে তার চাচার ওপর এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতা ও হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এ উপজেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
Posted ৭:৩৪ পিএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd