নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
সেপ্টেম্বরের ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা তুলে নিয়েছেন ৯০ হাজার ৯৮ জন গ্রাহক। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে আমানত জমা পড়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা।
ব্যাংকটির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট (পিআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
এদিকে, ওই ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকে ৩২ হাজার ৭৪টি নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে নতুন করে ৩৭৮ কোটি টাকা জমা হয়েছে।
ব্যাংকটির তথ্য বলছে, একই সময়ে বিভিন্নভাবে ব্যাংকে মোট ২ হাজার ৭০০ কোটি টাকার নতুন আমানত এসেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত নতুন ব্যাংকটির মোট শাখা রয়েছে ৭৬১টি।
এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের মূল আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক।
বিজ্ঞাপন
আবেদন গ্রহণের পর ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়।
Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd