নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
আন্তর্জাতিক বাজারে দেশের গার্মেন্টস সোর্সিং ও ব্যবসার সুযোগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে বিজিবিএ নেতারা এ সহায়তা চান। বৈঠকে বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
এসময় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে বায়িং হাউজগুলোর ব্যবসায়িক যোগাযোগ ও নতুন বাজার তৈরিতে সহযোগিতা, বিভিন্ন দেশের বাজারসংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সরবরাহ এবং বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া আন্তর্জাতিক ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা-সংক্রান্ত সুপারিশ ও সহযোগিতা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
বিজিবিএ নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বায়িং হাউজ খাতের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলো ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাজার উন্নয়নে কমার্শিয়াল কাউন্সেলরদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিজিবিএ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক ও সোর্সিং খাতের সুযোগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় সংগঠনটি।
Posted ৬:১১ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd