নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬.৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই দিন বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
দেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত মোস্তফা গোলাম কুদ্দুস বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন। পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৭ সালে একটি সোয়েটার কারখানা স্থাপন করেন। যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই কারখানায় উৎপাদনের মাধ্যমে সোয়েটারের বৈশ্বিক বাজারে প্রবেশ করে বাংলাদেশ। শিল্প উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস বীমা খাতেও অসামান্য অবদান রেখে গেছেন।
একজন মুক্তিযোদ্ধা ও নিবেদিত দেশপ্রেমিক হিসেবে তিনি বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। আরএমজি, টেক্সটাইল এবং আর্থিক খাতে তার অসামান্য অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মোস্তফা গোলাম কুদ্দুস শুধু শিল্পের অগ্রগতি ঘটাননি, তার অদম্য মানসিকতা ও অঙ্গীকার দিয়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছেন। সত্যিকারের একজন নায়কের মতো তিনি তার জীবন যাপন করেছেন এবং জাতির জন্য নিরলস লড়াই করেছেন।
Posted ৮:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd