নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. জুয়েল মিয়া ও এসআই মো. মতিউর রহমানসহ ডিবির একটি দল গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন এনামুল হক শামীম (২৭), যিনি ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন হলেন সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জীবন মোল্লা (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জীবন মোল্লার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আশুলিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৫ নভেম্বর দায়ের করা হয়, যার অধীনে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যাসহ বিভিন্ন দণ্ডবিধির ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে ঢাকা জেলা ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১২:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd