নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১৯ লাখের বেশি করদাতা রেজিস্ট্রেশন করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
তিনি বলেন, চলতি বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করেছে। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১৯ লাখ অতিক্রম করেছে।
এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও e-mail এর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এনবিআর ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমের পরবর্তী আপগ্রেডেশেনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণের জন্য ই-রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ— বিষয়ক কর্মশালার আয়োজন করে। ই-রিটার্ন সিস্টেমটিকে আরও সহজ, সমৃদ্ধ ও করদাতাবান্ধব করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় এনবিআর।
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd