হামি ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যু করার আবেদন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, শেয়ার ইস্যুর জন্য অনুমোদন চাইলে তা নাকচ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি জানায়, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন। কোম্পানিটির আবেদন নাকচ করে দেওয়ার পেছনে দুটো কারণও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করে শেয়ার মানি ডিপোজিটের জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করা হয়। কোম্পানিটি জাল ও বানোয়াট নথি দিয়েছে বলে জানিয়েছে বিএসইসি।




হামি ইন্ডাস্ট্রিজের এমডি হাসিব হাসান মারা গেছেন

পুঁজিবাজারের তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরে (ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক এএসএম হাসিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হামি ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি মো: ওসমান গণি গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, ব্যবসা সম্প্রসারণ ইউনিট নিয়ে মিথ্যা তথ্য প্রদান ও শেয়ার লেনদেনে কারসাজির আশ্রয় নেয়ার কারণে (ইমাম বাটন) হামি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম হাসিব হাসানকে গত ১৮ সেপ্টেম্বর ১ কোটি টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।




হামি ইন্ডাস্ট্রিজের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি পরিচালনা পর্ষদের ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

হামি ইন্ডাস্ট্রিজ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল গত ২৬ জুন।




হামি ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে ১৯ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৫৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ১০ পয়সা।




নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে ইমাম বাটন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পরযন্ত বাড়াবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৯ জানুায়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।