আজ থেকে হজ ফ্লাইট শুরু

সোমবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এবার ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহজালাল কেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনও ধরনের বিড়ম্বনার শিকার না হন তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।’

তিনি বলেন, ‘হজযাত্রীদের যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন তার জন্য আমাদের টিম কাজ করছে।’

এদিকে হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি হজ ফ্লাইট, সাউদিয়া ৮০ এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। হজযাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।




সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৩ হাজার ৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ইজি ০৭৪০৮৪৭।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন।

রোববার (১৯ মে) রাত ২টার হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ২টা পর্যন্ত ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮১ হাজার ৮৬২ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩ হাজার ৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।




৪১৫ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। এতে ৪১৯ হজযাত্রী থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত উড়াল দেন ৪১৫ জন।

শনিবার (২০ মে) ভোর ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছাবে। এছাড়াও, বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।

এসময় বিমান প্রতিমন্ত্রী সম্মানিত হজযাত্রীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকার জন্য দোয়া কামনা করেন।

এর আগে হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট আধুনিকায়নের ফলে সক্ষমতা বাড়ায় ২০১৯ সাল থেকে বিমান তাদের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ পরিবহন কার্যক্রম পরিচালনা করছে। এবছরও হজযাত্রী পরিবহনে বিমান তাদের ৪টি অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং-৭৭৭ ইআর এবং ১টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট ৫টি উড়োজাহাজ ব্যবহার করবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনেশিয়েটিভ’ এর আওতায় হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকায় বিমানবন্দরে সম্পন্ন হয়ে যাচ্ছে। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজও নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সম্মানিত হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট লাঘব হয়েছে। হজযাত্রা হয়েছে সহজ ও আরামদায়ক। প্রধানমন্ত্রীর এ সফল ও জনবান্ধব কূটনৈতিক উদ্যোগের সম্পূর্ণ সুবিধা যাতে হজযাত্রীরা পান সেই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সাল হতে হজের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু ও মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকেই এরপর থেকে এয়ারলাইন্সের টিকিট নিয়ে কোনো প্রকার হয়রানির সম্মুখীন হতে হয়নি। ইন শা আল্লাহ এবারও তারা টিকিট নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়বেন না। হজ পরিবহনের সব বিষয় আমরা সার্বক্ষণিক ও নিবিড় মনিটরিং করছি। সুষ্ঠুভাবে হজ পরিবহন কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্মানিত হজযাত্রীদের ও সব অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহণ করবে সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস। বিমান প্রি-হজে ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত ১৬২টি ও পোস্ট-হজে ২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১৬৮টি করে মোট ৩৩০টি হজ ফ্লাইট পরিচালনা করবে। বিমান গত বছরের মতো এবারও ঢাকা থেকে জেদ্দা ও মদিনায় ফ্লাইট পরিচালনার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট থেকেও জেদ্দায় ও মদিনায় ফ্লাইট পরিচালনা করবে।

এর আগে শুক্রবার (১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 




২১ মে হজের প্রথম ফ্লাইট: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সুযোগ আর বাড়বে না। এ ছাড়া হজ প্যাকেজের খরচ কমানোও সম্ভব নয় বলে জানান তিনি।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ বিডি’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন এবং হজ ও ওমরা সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব তথ্য জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

প্রতিমন্ত্রী বলেন, হজের তিন হাজার কোটা ফাঁকা রেখেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোটা ফাঁকা থাকা কোনও সমস্যা নয়। ৯ দফা সময় বাড়িয়ে গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) শেষ হয়েছে হজ নিবন্ধন। এখন হাতে আর কোনও সময় নেই। তাই কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

ফরিদুল হক খান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সে ক্ষেত্রে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে ভালো। তারপরও বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় ১ লাখ ২০ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

হজ নিবন্ধন সহজ করতে ‘ই-হজ বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে হজ ও ওমরার সব সেবা ই-হজ মোবাইল অ্যাপে হবে। ঘরে বসেই হজ-ওমরার সব কার্যক্রম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

ফরিদুল হক খান বলেন, অ্যাপটি বিনামূল্যে তৈরি হয়েছে। যে প্রতিষ্ঠান হজের সব রকম ই-সেবা দেয়, সেই প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড বিনামূল্যে তৈরি করে দেয়। এই অ্যাপের সব তথ্য মন্ত্রণালয়ে থাকবে।

হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা পূরণ হয়ে গিয়েছে। তিন থেকে সাড়ে তিন হাজারের মতো কোটা খালি থাকতে পারে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশই কোটা পূরণ করতে পারবে না।