সব মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ

দেশের মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (৬ অক্টোবর) এ-সংক্রান্ত বৈঠক হয়।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর ও সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়।

বৈঠকে উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশ নিয়ে মন্ত্রণালয়কে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ, সরকারি খরচে যেসব ব্যক্তি হজে যান তার একটি নীতিমালা প্রণয়ন এবং ইসলামি ফাউন্ডেশনের পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন ধরে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ‌্যে দ্রুত বদলি করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য আজহারুল ইসলাম মান্নান, জাহিদুর রহমান, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার, নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।




বাগেরহাটে হচ্ছে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাটের রামপাল উপজেলায় ৩০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট শর্তে চারটি প্রতিষ্ঠানকে যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৫টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং বিদ্যুৎ বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।

তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটি ফেরত নেওয়া হয়েছে। বাকি ৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদন পাওয়া ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা।

সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক বাগেরহাটের রামপাল উপজেলায় ৩০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সৌদি আরবের অ্যাকোয়া পাওয়ার কোম্পানি, বাংলাদেশের কমফিট কম্পোজিট নিট লিমিটেড, ভিয়েলাটেক্স স্পিনিং লিমিটেড এবং মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড বাংলাদেশকে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সৌদি আরবের অ্যাকোয়া পাওয়ার কোম্পানির যৌথ উদ্যোগে বেসরকারি খাতে রামপালে ৩০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ট্যারিফ অনুমোদনের একটি প্রস্তাব আসে, প্রস্তাবটি আজ অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ১২ শতাংশ মূল্যছাড়, ৬ শতাংশ উৎসে কর এবং সাড়ে ১৮ শতাংশ প্ল্যান্টখাতে উক্ত কোম্পানিকে আনুমানিক ১০ হাজার ৭৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।