নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সৌদির সহযোগিতা চাইলো ঢাকা

সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতার আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় প্রাণহানির ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়া আহত বাংলাদেশিদের যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশের সংহতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।




সৌদি থেকে আসবে ৮০ হাজার টন ইউরিয়া

সৌদি আরব থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার আনতে ব্যয় হবে ৪০৬ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৪০ টাকা। সার কেনার পাশাপাশি নওগাঁ ও বগুড়া জেলায় একটি করে বাফার গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার কেনার দুটি এবং বাফার গুদাম নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন ৪১৩.৪৬ মার্কিন ডলার হিসেবে, ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪০০ ডলারে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের একই প্রতিষ্ঠান থেকে আরও ৪০ হাজার টন বাল্ক, গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই সার আমদানিতেও ব্যয় হবে ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা।

এদিকে বৈঠকে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ২৫ হাজার টন ধারণক্ষমতার ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠকে সূত্রে জানা গেছে, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় বগুড়া জেলায় ২০ হাজার টন ধারণ ক্ষমতার ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে ৫৯ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫৬৭ টাকায় প্রকল্পের আওতায় ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।




অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব

সৌদি আরবে অবৈধ বা পলাতক বিদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ এসেছে।

রিয়াদে দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানান, গত নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী পলাতক অবস্থায় রয়েছেন, তারা আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে বৈধ হতে পারবেন। বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদিত পদ্ধতিতে সম্পন্ন হবে। এ জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে।

দূতাবাস থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের এ ব্যাপারে সাহায্যের জন্য বিভিন্ন তথ্যসেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সব প্রবাসীর এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তাদেরকেও দ্রুত এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছে দূতাবাস।




সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়া ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন।

দূতাবাসের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে যাওয়া সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা পাঁচ বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবাটি চালু করা হলো। ই-পাসপোর্ট সেবাদানের জন্য এরই মধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ই-পাসপোর্টের পাশাপাশি ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ই-পাসপোর্ট সম্পর্কে কারও কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নম্বরে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান।

তিনি প্রবাসীদের উদ্দেশে আরও জানান, সরকার প্রবাসীদের জন্য সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধপথে বেশি বেশি করে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প’র ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট অ্যানরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এছাড়া একজন আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে ১৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করার জন্য অনলাইনে সিরিয়াল নিতে পারবেন। ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা ১৪ সেপ্টেম্বর জেদ্দা গিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলেও এ পরিষেবা চালু করবেন।

সৌদি আরবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব জামিরুল ইসলাম।

আইএইচআর/এমকেআর




সৌদি থেকে বিলম্বিত অর্থে তেল কিনতে চায় বাংলাদেশ

সৌদি আরব থেকে বিলম্বিত অর্থে বাংলাদেশ তেল কেনার যে প্রস্তাব দিয়েছে, সেটি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিম বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বৈঠকে তারা জেভি ডেএপি সার প্ল্যান্ট নিয়েও আলোচনা করেছেন।

সৌদি সহকারী মন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তারা এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবেন।

একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের চিফ অব স্টাফ এবং বোর্ড অব ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সাথেও তার অফিসে বৈঠক করেন।

এসময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন এবং পিআইএফ তাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।




হজে গিয়ে দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সতর্ক থাকুন: ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

তিনি এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন।

 

শনিবার ঢাকার আশকোনায় হজ অফিসে সরকারি হজ গাইড প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবে আপনার পরিচয় একজন হজ গাইড নয়। আপনার পরিচয় আপনি বাংলাদেশি। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ফুটে উঠবে। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মানহানি যেন না ঘটে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকবেন।

 

হজ পালনের ফজিলত তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান মুসলমান নর-নারীর ওপর হজ আদায় করা ফরজ। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। প্রত্যেক হজযাত্রী যাতে সহিহ্ ও শুদ্ধভাবে হজ পালন করতে পারে সে বিষয়ে হজ গাইডদের সর্বদা সোচ্চার থাকতে হবে। হজ গাইডদের গাফলতির কারণে একজন হজযাত্রীর হজ পালনও যদি যথানিয়মে না হয় সেই দায়ভার হজ গাইডের ওপরই বর্তাবে।

 

হজ গাইডদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদেরকে দক্ষ হজ গাইড হিসেবে গড়ে তোলার জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের প্রতিটি অধিবেশনে শতভাগ মনোযোগী থাকবেন। হজের নিয়মকানুন, হুকুম-আহকাম ও ধারাবাহিক কর্মপদ্ধতি সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশিক্ষকদেরকে বারবার জিজ্ঞাসা করতে হবে। প্রশিক্ষণ যথাযথভাবে গ্রহণ করলেই আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন, ইনশাল্লাহ।

 

ধর্মমন্ত্রী হজ গাইডদের উদ্দেশে আরও বলেন, আপনি হলেন আপনার দলের হজযাত্রীদের জিম্মাদার, পথ প্রদর্শক ও পরামর্শক। হজযাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। হজযাত্রা শুরুর পর থেকে দেশে প্রত্যাবর্তন পর্যন্ত নিজ দলের হজযাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। হজের আরকান-আহকাম এবং সফরের যাবতীয় বিষয়াদি সম্পর্কে হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

 

‘দক্ষ হজ গাইড গড়ে তুলতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রশিক্ষণার্থীই যাতে পিছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ধীরে শেখে এমন প্রশিক্ষণার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।

 

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার।’

 

এসময় অন্যান্যের মধ্যে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক ও পরিচালক (হজ) মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

এতে মোট ১০২ জন হজ গাইড প্রশিক্ষণ গ্রহণ করছেন।




বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদির প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের সুরা কাউন্সিলরের স্পিকার ড. আব্দুল্লাহ মো. ইব্রাহিম আল শেখ। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

এসময় বাংলাদেশ ও সৌদি আরব নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, জীববৈচিত্র্য এবং এসডিজি অর্জনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানায়।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াতে সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৈঠকে রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ়।

তিনি বলেন, সৌদি আরবের মক্কা ও মদিনা বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান।

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এসময় সৌদি আরবকে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি জোর সমর্থন জানায় এবং গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রপতি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন।

সৌদি আরবের সুরা কাউন্সিলরের স্পিকার জানান, সৌদি সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়। প্রতিনিধিদল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।




২ লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার

মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ মেট্রিক টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৪০ হাজার টন সার কেনা হবে। যেখানে মোট ব্যয় হবে এক হাজার ১৮৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৬৫০ টাকা।

বুধবার (৬ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে ৩টি লটে ৪০ হাজার করে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে ব্যয় হবে ৭৫১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিসিআইসি কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৪ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপিসিএল-এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই স্থানীয় এজেন্ট মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট থেকে ৬৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।




সৌদির উদ্যোক্তাদের বিনিয়োগ চায় এফবিসিসিআই

সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছে বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্প‌তিবার (২ নভেম্বর ) এফবিসিসিআই থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরব সরকারের বৈদেশিক বাণিজ্যবিষয়ক গভর্নরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। সাক্ষাৎকালে সৌদি আরবের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই আহ্বান জানানো হয়। বুধবার রিয়াদে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মো. মুনির হোসেন প্রমুখ।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যবসা, বাণিজ্য এবং শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ বর্তমানে একটি উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে সারা দেশে আধুনিক ও উন্নত মাল্টি-মোডাল কানেক্টিভিটিসহ উন্নত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে কাজ করছে সরকার। গুণগত জ্বালানি এবং লজিস্টিকস সেবা উন্নয়নে গুরুত্ব বাড়ানো হয়েছে। এসব বিবেচনায় সৌদি আরবের ব্যবসায়ী এবং উদ্যোক্তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহী হবেন বলে আশা প্রকাশ ক‌রেন তিনি।

মাহবুবুল আলম বলেন, সরকারের উদ্যোগে বাংলাদেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা প্রদান করছে সরকার। পাশাপাশি, জিটুজি এবং বিটুবির ভিত্তিতেও বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। সৌদি আরবের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসলে বেসরকারি খাতের অভিভাবক হিসেবে এফবিসিসিআই তাদের সার্বিক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

এ সময় সৌদি সরকারের বৈদেশিক বাণিজ্য বিষয় গভর্নর আব্দুল রহমান আল-হারবি বলেন, বাংলাদেশ সরকার বেসরকারি খাতের জন্য নীতি সহায়তা প্রসারিত করলে সৌদি আরবের ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সৌদি সরকারও আন্তরিক থাকবে বলে আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সৌদি সরকারের বেসরকারি খাত বিষয়ক দপ্তরের জেনারেল ম্যানেজার কোহতান এফ. আল-দাগাইথার, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মো. আবুল হাসান মৃধা, ইকোনমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন প্রমুখ।

এফবিসিসিআই থেকে ৩৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সাত দিনের সফরে সৌদি আরব গেছেন। সেখানে তারা ব্যবসায়ী পর্যায়ে একাধিক বৈঠকসহ পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফিরবেন।




বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময়: ঢাকা চেম্বার

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। সোমবার (৩০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ চেম্বার অব কমার্সের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনায় তিনি এ কথা বলেন।

রিয়াদ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল অংশ নেয়।

বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে দলটি বর্তমানে সৌদি আরব সফর করছে।

বাণিজ্য আলোচনার উদ্বোধনী সেশনে রিয়াদ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ্ আল রাজিহ বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তিনি আরও বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং সম্পদের বহুমুখীকরণে দু-দেশের ব্যবসায়ীদের একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে সৌদিআরবের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলোতে বাংলাদেশের উদ্যোক্তারা আরও বেশি হারে বিনিয়োগে এগিয়ে আসবেন। কেননা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদির বাজার বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আকর্ষনীয়। উভয় দেশের মধ্যকার যৌথ স্বার্থ-সংশ্লিষ্ট খাতগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য আরও আহ্বান জানান রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত পণ্য সৌদি আরবের বাজারে ব্যবহারের চাহিদা আমাদের সত্যিই গর্বিত করে।’ তিনি বলেন, ‘বিগত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে এক্ষেত্রে নিজের সক্ষমতা তুলে ধরেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, তাই আমাদের পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণের ওপর আরও বেশি হারে মনোনিবেশ করতে হবে।’

ডিসিসিআই সভাপতি জানান, গত অর্থবছরের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার, তবে এটাকে আরও উন্নীতকরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ‘ঢাকা চেম্বারের প্রতিনিধি দলে তথ্য-প্রযুক্তি, কৃষি, অবকাঠামো, নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতের উদ্যোক্তারা রয়েছেন, যারা সৌদি আরবে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।’

এছাড়াও তিনি বাংলাদেশের স্মার্ট ফার্মিং, তথ্য প্রযুক্তি, ফিনটেক, লজিস্টিক এবং অবকাঠামো খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি আরবের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে দুদেশের উদ্যোক্তাদের মধ্যকার প্রায় ১২০টি বিটুবি অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামীতে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের মধ্যকার সমঝোতা স্মারক সই হয়, যেখানে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ্ আল রাজিহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলামগীর (আরমান), সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালনা পর্ষদের সদস্য, সৌদ আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (ইকোনোমিক) মোরতুজা জুলফিকার নাইন নোমান এবং কমার্শিয়াল কনস্যুলার (বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা) সৈয়দা নাহিদা হাবিবা এ সময় উপস্থিত ছিলেন।




ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এতে আরও বক্তব্য দেন কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সে দেশের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন। এছাড়া কোনও এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন বলে তিনি জানান।

তিনি বলেন, সৌদি দূতাবাস বর্তমানে প্রতিদিন ৫ হাজার ভিসা ইস্যু করছে। ভিসা ইস্যু আগের চেয়ে দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সৌদি অভিবাসীকর্মীদের ভিসা ফি নেওয়া হয় না। তবে, স্মার্টকার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে।

এ ছাড়া, বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব্যয় নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানি ও অর্থের অপচয় হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বহুমুখী। এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, কালচার, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতেও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক। এ সময় আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীকে চক্ষুসেবা দেওয়া হবে।




দেশে ফিরলেন ৯৮ হাজার ৭৪৬ হাজি

পবিত্র হজ পালন শেষে ২৬০ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন।

সর্বশেষ মঙ্গলবার (২৫ জুলাই) মারা গেছেন ২ জন। তবে বুধবার কোনো হাজির মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, বুধবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৬০টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯১ ও নারী ২৬ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৮, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।




দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। ৫ জুলাই রাত পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন তারা। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি, ফ্লাইনাসের ১১টি।

হাজিদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

এয়ারলাইনগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি দেশে বিমানবন্দরে সরবরাহ করা হচ্ছে।এ বছর হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৮১ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ ৬৩ জন ও নারী ১৮ জন। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।




সৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম

সৌদি আরব জুলাই মাসে উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর বিশ্বের বাজারে তেলের দাম বেড়েছে।

তেল উৎপাদনকারী দেশগুলোর গ্রুপ ওপেক প্লাসের অন্য সদস্যরাও দাম বাড়ানোর প্রয়াসে উৎপাদন কমাতে সম্মত হয়েছে। খবর বিবিসির।

বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ ওপেক প্লাস দেশগুলো উৎপাদন করে। ওপেকের সিদ্ধান্তগুলো তেলের দামের উপর বড় প্রভাব ফেলতে পারে।

সোমবার এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারে স্থির হওয়ার আগে ২.৪ শতাংশ বেড়েছে।

ওপেক প্লাস বলছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ২০২৪ থেকে আরও ১ দশমিক ৪ মিলিয়ন বিপিডি কমে যাবে।

জ্বালানি মূল্যের পতনের প্রেক্ষাপটে রবিবার তেল সমৃদ্ধ দেশগুলোর সাত ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

গত বছর যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল তখন তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এখন সেই স্তরে ফিরে এসেছে যা সংঘাত শুরু হওয়ার আগে দেখা গিয়েছিল।

গত বছরের অক্টোবরে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস ২০ মিলিয়ন বিপিডি উৎপাদন কমাতে সম্মত হয়েছিল, যা বিশ্বব্যাপী চাহিদার প্রায় ২ শতাংশ।

এই বছরের এপ্রিলে গ্রুপটি আরও কাটছাঁট করতে সম্মত হয়েছে। তবে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রবিবারের আলোচনার ফলে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।




ঢাকায় বিজনেস সামিটে যোগ দিচ্ছে ১৭ দেশের প্রতিনিধি

বাংলাদেশ বিজনেস সামিটের প্রস্তুতি শেষ হয়েছে। ১১-১৩ মার্চ হবে এই সামিট। যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির সিইওসহ বিশ্বের ১৭টির বেশি দেশ থেকে দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নিচ্ছে এই সামিটে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এটি।

বৃহস্পতিবার (৯ মার্চ) এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করতে এই সামিট ভূমিকা রাখবে।

বিজনেস সামিট দেশের জন্য একটি ব্র্যান্ডিং উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। সামিটে যোগ দিতে এরই মধ্যে ৭৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া রেজিস্ট্রেশনের বাইরেও অনেকে সামিটে যোগ দেবেন। দেশ-বিদেশের যে ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন তারা ভালো একটা অঙ্কের নিবন্ধন ফি প্রদান করে অংশ নিচ্ছেন। এ থেকেই বোঝা যায়, বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে এখন মানুষের আগ্রহ অনেক বেশি। তারা এখানে ব্যবসা করতে চায়। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

আরও পড়ুন: কমেছে লেনদেন, সূচক মিশ্র

এফবিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশ বিজনেস সামিটে ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিসহ ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে তারা বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করবেন। যা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার অর্থাৎ ১১ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ ও বিভিন্ন ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।