সিমটেক্সের পর্ষদ সভার তারিখ স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভার তারিখ স্থগিত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

পর্ষদ সভার পরবর্তী সময়সূচি এখানো চূড়ান্ত হয়নি। নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পরবর্তী সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অর্থসূচক/এএকে




সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ৩০ সেপ্টেম্বর

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় কোম্পানিটির এ পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির আলোচ্য সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।




সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সচিব নিয়োগ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ বিন আবেদিন।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৬২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।




পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়াল ৬০০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব কটি সূচকের মান। তবে সিএসইতে লেনদেন কমলেও; বেড়েছে ডিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।

রোববার (৩ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে এদিন বেড়েছে সব কটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ১৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪৬ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৯৩ পয়েন্টে।

এছাড়া রোববার ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মাসিউটিক্যালস ও ডেফোডিল কম্পিউটারস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ২০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৮ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ৩০৯ দশমিক ৭৪ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৪ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৫ দশমিক ৯৯ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৬ পয়েন্ট।

তবে সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৬ কোটি ৬ লাখ টাকা।

সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির কোম্পানির শেয়ারদর।




সিমটেক্সে স্বতন্ত্র পরিচালক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এ নিয়োগের পেছনে কমিশনকে ভুল বোঝানো হয়েছিল বলে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়।

সিমটেক্সের বর্তমান চেয়ারম্যানের করা মামলায় গত ২ এপ্রিল উচ্চ আদালতের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার বিএসইসির দেওয়া পাঁচজনের পরিচালনা পর্ষদ নিয়োগে ৬ মাসের এ স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে গত ২২ মার্চ বিএসইসি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান পর্ষদে থাকা দুই স্বতন্ত্র পরিচালক ও এক মনোনীত পরিচালকের পরিবর্তে কোম্পানির চেয়ারম্যানসহ ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্ত ৫ স্বতন্ত্র পরিচালক হলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (চেয়ারম্যান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেব নাথ, দ্য জুরিস্টের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম ও ব্যবসায়ী আবিদ আল হাসান।

কমিশনের বিভিন্ন কোম্পানিতে এমন স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। যাদের ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। যে কারণ এরই মধ্যে অনেক কোম্পানিতে কমিশনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে পর্ষদ পুনর্গঠন মুখ থুবড়ে পড়েছে। যেমনটি হতে যাচ্ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজেও।

যার ধারাবাহিকতায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে রক্ষায় কোম্পানিটির চেয়ারম্যান গত ২৭ মার্চ কমিশনের ৫ জনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার বিএসইসির দেওয়া ৫ জনের পরিচালনা পর্ষদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন।

এ বিষয়ে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সচিব আশিষ কুমার সাহা বলেন, কোম্পানির স্বার্থরক্ষার কথা বিবেচনায় করে চেয়ারম্যান বিএসইসির স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন। যা বিবেচনায় নিয়ে উচ্চ-আদালত ওই স্বতন্ত্র পরিচালক নিয়োগে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন।