এলডিসি থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে।

শুক্রবার (২১ জুলাই) অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকীর সঙ্গে বৈঠককালে এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্যবিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স।

অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিডনির কমনওয়েলথ পার্লামেন্টারি অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানও উপস্থিত ছিলেন।

বৈঠককালে হাইকমিশনার আল্লামা সিদ্দিকী কৃষি, তৈরি পোশাক, রেমিট্যান্স, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে গত দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান আগ্রহের প্রশংসা করেন তিনি।

অস্ট্রেলিয়ার বাণিজ্যবিষয়ক সহকারী মন্ত্রীকে ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশ সফরের আহ্বান জানান হাইকমিশনার।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দক্ষ ও টেকসই সরবরাহ ব্যবস্থা এবং উৎপাদনশীলতাসহ শ্রমিকদের কল্যাণার্থে এ খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে বিভিন্ন সময়ে গৃহীত সংস্কারমূলক কর্মসূচি এবং অধিক গ্রিন ফ্যাক্টরি স্থাপন, নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণ, উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিজিএমইএ’র ইএসজি অর্জনের লক্ষ্যের বিষয়টিও তিনি অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীকে অবহিত করেন।

টিম আয়ার্স বাংলাদেশকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং অস্ট্রেলিয়ার ক্রেতা ও বাংলাদেশের উৎপাদকদের দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক এ শিল্পকে বহুমুখীকরণে সহায়তা করছে। বিদেশি অংশীদারদের সাথে অস্ট্রেলিয়ার বাণিজ্য এবং সরকারের সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ হলো টেকসই শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন।

তিনি অস্ট্রেলিয়ার উল ও কটন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। ২০২১ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এরেঞ্জমেন্টকে (টিফা) পরবর্তী স্তরে এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেন টিম আয়ার্স।

বর্তমানে বিজিএমইএ’র ১১ সদস্যের একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর করছে। গত ১৮ জুলাই বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মেলবোর্নে তৈরি পোশাক শিল্পবিষয়ক সম্মেলনের আয়োজন করা হয়।

এছাড়া আজ সিডনিতে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে এক সভার আয়োজন করে। এতে সিডনিতে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা হয়। এ সভায় অস্ট্রেলিয়ার ক্রেতা, ব্র্যান্ড ও শিল্পপ্রতিনিধিসহ ৩৫ জন উপস্থিত ছিলেন।




আমাদের মধ্যে ফুলের সম্পর্ক: শাবনূর-পূর্ণিমা

অনেকেই ভাবেন প্রায় একই সময়ের অভিনেত্রী হওয়ায় শাবনূর ও পূর্ণিমার মধ্যে সম্পর্ক হয়তো দা-কুমড়ার! এবার বিষয়টি পরিষ্কার করলেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা।

স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

সেখান থেকেই শুক্রবার (৩ মার্চ) বিকালে ভক্তদের সারপ্রাইজ দিলেন পূর্ণিমা। আর সেই সারপ্রাইজের নাম- শাবনূর।

দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। তাই দেশ থেকে যখন কোনো শিল্পী অস্ট্রেলিয়ায় যান, শাবনূরের সঙ্গে তাদের দেখা হয়েই যায়। বাদ গেলেন না পূর্ণিমাও।

শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা। সেখানেই দেখা দেন শাবনূর। এরপর দুজনে একে-অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন।

শাবনূর-পূর্ণিমার সম্পর্ক কেমন? এ বিষয়ে হাস্যোজ্বল মুখে পূর্ণিমাকে শাবনূর বলেন, আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।

এরপর পূর্ণিমা বললেন, আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনো অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারে কাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।

এসব শুনে শানবূর নিজেও পূর্ণিমার প্রশংসায় বলেন, পূর্ণিমার এতো গুণ! আমার মনে হয়, আমি ওর মতো পারবো না। এতো সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফর্মেন্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।

পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয় বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, আমরা দুজন আবার সিনেমা করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো?। ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারবো। কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই।

শাবনূরের কথায় সায় দিয়ে পূর্ণিমা নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করেন। অতীতের স্মৃতি রোমন্থন করে বলেন, একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনো সিনেমায় ধারের কাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতা নেই। ’ এসব শুনে আমি কোণায় গিয়ে কাঁদতাম।

সবশেষে ভক্তদের ধন্যবাদ-ভালোবাসা জানিয়ে লাইভ শেষ করেন দুই নায়িকা।

২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারের কন্যা আরশিয়া উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে, আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেছেন শাবনূর ও অনিক। বর্তমানে ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা।