নন-লাইফ বীমা কোম্পানির সিএফওদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশের বীমা কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড.এম আসলাম আলম।

রোববার নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রধান অর্থনৈতিক কর্মকর্তাদের (সিএফও) জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করে তিনি এ আহ্বান জানান। বীমা প্রতিষ্ঠানের সিএফওদের আন্তর্জাতিক মান অনুসরণপূর্বক বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশনা প্রদান করেন।

বীমা চুক্তিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস ১৭) নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইডিআরএ চেয়ারম্যান।

এ সময় বীমা প্রতিষ্ঠানের সিএফওদের আন্তর্জাতিক মান অনুসরণ করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশনা দেন তিনি। কর্মশালায় সিএফওদের আইএফআরএস ১৭ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো মেম্বার আশিক ইকবাল, এফসিএ।

আইডিআরএ জানায়, এই কর্মশালার মূল উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ন্ড ও অডিট রিপোর্টিং স্ট্যান্ডার্ন্ড অনুসরণ করে বীমাকারী প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।




গ্রামীণফোনে নতুন সিএফও-সিআরও নিয়োগ

নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন লিমিটেড।

ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে সম্প্রতি এ দুই বিভাগের প্রধানদের নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। তবে সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন।

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন, ‘অটো ও আরিফকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অটো বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ, তিনি এর আগে টেলিনরের অন্যান্য বিজনেস ইউনিটে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপি ম্যানেজমেন্ট টিমের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। সুস্পষ্ট গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গ্রামীণফোন প্রযুক্তি ও ডিজিটাল-নির্ভর প্রতিষ্ঠান হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। আমার বিশ্বাস, এক্ষেত্রে, প্রবৃদ্ধি অর্জন ও কার্যকরীভাবে কার্যক্রম পরিচালনা, উভয় ক্ষেত্রেই শক্তিশালী পারফরমেন্স বজায় রাখতে ভূমিকা রাখবে অটোর সুদক্ষ নেতৃত্ব।

অন্যদিকে, আরিফ গ্রামীণফোনে থেকেই নেতৃত্বদানের গুণে নিজেকে বিকশিত করেছেন। তার বিস্তৃতক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে গ্রামীণফোনের ফাইন্যান্স বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। বিরোধ নিষ্পত্তি ও ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে তার উদ্ভাবনী ও অনন্য কৌশল প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য ও কার্যকর মাত্রা সংযোজন করেছে।’

অটো মাগনে রিসব্যাক বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিএফও হিসেবে যোগদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুরো গ্রামীণফোন টিমের সাথে একযোগে কাজ করার মাধ্যমে সামগ্রিকভাবে গ্রামীণফোনের গ্রাহক ও অংশীদারদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রকে বিস্তৃত করতে পারবো বলে প্রত্যাশা করছি আমি।’

মো. আরিফ উদ্দীন বলেন, ‘গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি একইসঙ্গে সম্মানিত ও রোমাঞ্চিত। ক্রমশ পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন এ দায়িত্ব প্রতিষ্ঠানের কার্যক্রম ও কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করে। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনী এবং কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশল গ্রহণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি, আমি গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও স্থিতিশীল অবস্থা অর্জনে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী।’




এইচবিএল বাংলাদেশের সিএফও পারুল দাশ

অভিজ্ঞ ব্যাংকার পারুল দাশকে নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ দিয়েছে এইচবিএল বাংলাদেশ। আর্থিক খাতে ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন পারুল দাশ বাংলাদেশের বাজারে এইচবিএলের কৌশলগত প্রবৃদ্ধি পরিচালনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

সোমবার (১২ জুন) এইচবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এইচবিএল বাংলাদেশে যোগ দেওয়ার আগে পারুল ওয়ান ব্যাংকে সিএফও হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও কেপিএমজি বাংলাদেশসহ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্থিক কার্যক্রম, ব্যবসায়িক অর্থায়ন, মূলধন ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ও অপারেশনাল ফাংশন সংক্রান্ত কাজে দক্ষতাসম্পন্ন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা পারুল দাশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সম্মানিত ফেলো সদস্য এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) সহযোগী সদস্য।