ফেনীতে গ্রাহকের অর্থ নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা

ফেনীতে সাউথইস্ট ব্যাংকের একটি শাখা থেকে ‘কয়েক কোটি’ টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার শাখার জুনিয়র কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ওই শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, “গ্রাহকদের আমানতের অর্থ ব্যাংক হিসাব থেকে লোপাটের বিষয়টি অবগত হয়ে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এরই মধ্যে অডিট বিভাগের কর্মকর্তারা ব্যাংকের এই শাখায় এসে তথ্য সংগ্রহ করেছেন।

“কতজন গ্রাহকের হিসাব থেকে কী পরিমাণ অর্থ সরানো হয়েছে অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না।”

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়েছেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর এলাকার সালমান হাজী বাড়ির আবদুল হকের ছেলে। তিনি সিলোনিয়া বাজার শাখায় সাত বছর ধরে রেমিটেন্স ডেস্কে কাজ করছেন।

ব্যাংক সূত্র জানায়, ২০১৮ সালে শাখাটি উদ্বোধন হয়। শুরু থেকেই জিয়াউল সেখানে আছেন। ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশে শাখাটি চালু হওয়ায় দ্রুত সময়ে গ্রাহকবান্ধব হয়ে ওঠে। দীর্ঘদিন এই শাখায় কাজ করার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

গ্রাহকদের বিভিন্ন মেয়াদের আমানতের অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠলে একের পর এক আমানতকারীরা ব্যাংকে যোগাযোগ করতে শুরু করেন। তারা ব্যাংকে এসে হৈ-হুল্লোড়ও শুরু করেন। অনেকে নিজেদের হিসাবের স্থিতি জানতে আসেন।

ব্যাংকের গ্রাহক দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেন বলেন, “৩০ এপ্রিল আমার হিসাব থেকে ৫০ লাখ টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হই। এ সময় ব্যাংকে যোগাযোগ করলে জিয়াউল হক ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পারি। বিষয়টি জানতে পেরে ১ মে ব্যাংক ম্যানেজার কামরুজ্জামানকে মোবাইলে বিস্তারিত অবগত করেছি।”

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী এ কে আজাদ বলেন, ব্যাংকে তার হিসাবে জমা থাকা ৩২ লাখ টাকার হদিস মিলছে না। বিভিন্ন সময় আরটিজিএসের মাধ্যমে লেনদেন করেছেন। জিয়াউল হক স্বাক্ষর জালিয়াতি করে টাকা সরিয়েছেন বলে তিনি ধারণা করছেন।

একইভাবে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ী তার ১০ লাখ টাকা তছরুপের অভিযোগ করছেন। তিনি বলেন, “আমি আরটিজিএসের মাধ্যমে লেনদেন করিনি। চেকও হারানো যায়নি, তারপরও কীভাবে ব্যাংক হিসাব থেকে এ টাকা লোপাট হয়েছে জানি না। আমারও অভিযোগটি ব্যাংক ম্যানেজারকে অবগত করা হয়েছে।”

তাদের মত আরও অনেক আমানতকারী অর্থ লোপাটের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করেছেন।

ব্যাংকের গ্রাহক প্রবাসী শফি উল্লার স্ত্রী জোসনা বেগম জানান, ব্যাংকের এ শাখার মাধ্যমে ১৬ লাখ টাকা বিদেশ থেকে তার স্বামী রেমিটেন্স পাঠিয়েছেন। ব্যাংকের কর্মকর্তা জিয়াউল পালিয়ে গেছেন শুনে টাকা উঠাতে এসে উঠাতে পারেননি। এ অবস্থায় মানসিক দুশ্চিন্তায় ভুগছেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ধৈর্য ধরতে বলেছে।

আমানতকারীদের অর্থ আত্মসাতের ঘটনায় রোববার ওই শাখায় তদন্তে আসেন ব্যাংকের অডিট টিমের প্রধান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রেজাউল কবিরের নেতৃত্বে পাঁচ সদস্য। তখন জিয়াউল ব্যাংকের নিরাপত্তাকর্মী জয়নাল আবেদীনকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। রোববার থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে জানতে জিয়াউল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার অবস্থানের বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তাও তথ্য জানাতে পারেননি।

বিষয়টি সম্পর্কে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে এরই মধ্যে অডিট কার্যক্রম শুরু হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলেই বিস্তারিত তথ্য জানানো যাবে।”

তবে তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, “গ্রাহকদের অর্থের দায়ভার ব্যাংকের নিজস্ব বিষয়। এ ঘটনায় গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দ্রুত বিষয়টির সমাধান করা হবে।”




৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সাউথইস্ট ব্যাংক

৫০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সাউথইস্ট ব্যাংক ৬ষ্ঠ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।




সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র ভারপ্রাপ্ত প্রধান এ, কে, এম, এহসান প্রধান অতিথি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও এর প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপসমূহ নিয়ে আলোকপাত করেন।

ব্যাংকের সকল শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধান সহ সর্বমোট ৩৫০ জন সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দও উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।




সাউথইস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা।




সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ০৯ মে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।




ডিএসইতে সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সংক্রান্ত একটি লিস্টিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের জন্য ডিএসই ট্রেডিং কোড ‘SEB1PBOND’ এবং ডিএসই স্ক্রিপ কোড ‘২৬০১৮’ ব্যবহার করে করপোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেনে অংশগ্রহণ নিতে পারবেন




সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসিকে ‘সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড’ ইস্যু করার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ড ছেড়ে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৮৯১তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আলোচিত বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

উল্লিখিত বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

উক্ত বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডার রাইটার হিসেবে কাজ করছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।




সাউথইস্ট ব্যাংকের অনিয়ম তদন্তে কমিটি গঠন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে ওঠা সুবিধাভোগী লেনদেন বা ইনসাইডার ট্রেডিংসহ নানান অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধরাবাহিকতায় ব্যাংকটির বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখতে তিন সদষ্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আলোচিত কমিটি পরিচালকদের সুবিধাভুগী শেয়ার লেনদেনের বাইরেও তাদের ধারণকৃত প্রকৃত শেয়ার সংখ্যা, ঋণ, বিনিয়োগ ইত্যাদি খতিয়ে দেখবে।

তথ্য মতে, ব্যাংকটির কর্তৃত্ব নিয়ে ২০২১ সালে পরিচালকরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রবল বিরোধে জড়িয়ে পড়েন। পারস্পরিক বিরোধে বের হয়ে আসতে থাকে ব্যাংকটির অনিয়ম-দুর্নীতির নানা ঘটনা। গ্রুপ দুটি একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকেন। ২০২১ সালে ওই সময় ব্যাংকটির পাঁচ প্রতিষ্ঠাতা পরিচালক বর্তমান চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ তোলেন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিলো, চেয়ারম্যানের দুর্নীতি, জালিয়াতি এবং অর্থপাচারের কারণে ব্যাংকের আমানত ঝুঁকির মধ্যে রয়েছে।

পরিচালকদের মধ্যে ছিলেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম; আজিম উদ্দিন আহমেদ; দুলুমা আহমেদ, ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান; রেহানা রহমান; এবং জুসনা আরা কাশেম।




১৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

সভায় এই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, এনআরবিসি ব্যাংকের আগামী ২৪ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে, সাউথইস্ট ব্যাংকের ২৬ জুলাই বিকেল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল ৩টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই বিকেল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।




সাউথইস্ট ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস রেহানা রহমান, মো. আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), মিস আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিঃ), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় আরও সংযুক্ত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।

ব্যাংকের উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২২ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়।

সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২২ সালে ১,০৪২.৯৯ কোটি টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩৭,১১৪.৩৪ কোটি টাকা, মোট সম্পদের পরিমান ৪৯,৩০৯.২৮ কোটি টাকা, শেয়ার প্রতি আয় ১.৪২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৪.৮৭ টাকা (সম্মিলিত)। ২০২২ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৯.০২ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২২ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪,১১২.৬৫ কোটি টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২২ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৭০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ৬১ লাখ টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১.৪০ কোটি টাকা।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কর্তৃক ৩১শে ডিসেম্বর, ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩১শে মার্চ, ২০২৩ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদের জন্য এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ ঘোষণা করেছে।

ব্যাংকের ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে ৬% নগদ লভ্যাংশ ও ৪% বোনাস লভ্যাংশ এবং ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরণ করেন। তারা কাঙ্খিত পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষণা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২২ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।